তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩০ এএম

ছবি: সংগৃহীত

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-কে ঘিরে উত্তেজনা বাড়ছে। আন্দোলনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক অভিযোগ করেছেন, ভারতের মোদি সরকারের চাপের কারণে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) তিনি দাবি করেন, এটি সরাসরি সরকারি হস্তক্ষেপের ফল। এর আগেই তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ব্লক করা হয়। গত বৃহস্পতিবার ভারত সরকারের অনুরোধে এক্স কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি ভারতে অবরুদ্ধ করে দেয়।

অভিজিৎ দিপক আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বারবার হ্যাক করার চেষ্টা চলছে, যা নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাত্র এক সপ্তাহ আগে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পায় এবং সরকারের কঠোর সমালোচনার কারণে ব্যাপক আলোচনায় আসে।

শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাদের ‘আইকনিক’ ওয়েবসাইট আর অ্যাক্সেসযোগ্য নেই। তবে ভারত সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।

এই ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপির সূচনা হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্য ঘিরে। প্রতিবেদনে বলা হয়, তিনি বেকার তরুণদের একাংশকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। পরে তিনি ব্যাখ্যা দিয়ে জানান, তার মন্তব্য তরুণদের উদ্দেশে ছিল না, বরং ভুয়া ডিগ্রিধারীদের নিয়ে সমালোচনা ছিল।

তবে ওই মন্তব্যকে কেন্দ্র করেই অভিজিৎ দিপক ব্যঙ্গাত্মক এই আন্দোলন শুরু করেন। ক্ষমতাসীন বিজেপির নামের অনুকরণে তিনি এর নাম দেন সিজেপি।

বর্তমানে সিজেপির ইনস্টাগ্রাম পেজে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী রয়েছে, যেখানে বিজেপির অনুসারী প্রায় ৯০ লাখ।

দিপকের দাবি, গত এক সপ্তাহে প্রায় ১০ লাখ মানুষ আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নিবন্ধন করেছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ছয় লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে।

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে চলমান বিক্ষোভের মধ্যেই এই আন্দোলন নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970