আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
ভারতে নিট পরীক্ষা বাতিলের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি সংগঠনের নেতৃত্বে চলমান আন্দোলন নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিল ভাষায় দেওয়া এক বার্তায় থালাপতি বিজয় জানান, তার রাজনৈতিক দল টিভিকে শুরু থেকেই নিট পরীক্ষার বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই অবস্থান থেকে সরে আসবে না। তিনি বলেন, নিট ইস্যুতে দলটি কোনো ধরনের আপস করবে না এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়েরও চেষ্টা করবে না।
থালাপতি বিজয়ের মতে, নিট পরীক্ষা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, তাদের পরিবারগুলোর ওপরও ব্যাপক মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত এ পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন বলে তিনি মনে করেন।
অন্যদিকে, নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষা বাতিল, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।