বিএনপিকে সন্ত্রাসী-চাঁদাবাজি কার্ডসহ ৪ ধরনের ‘কার্ড’ দিবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও জনসভায় বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতীকীভাবে চার ধরনের ‘কার্ড’ প্রদানের ঘোষণাও দেন।

বিকেল সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম কলেজ মোড় (জুলাই চত্বর) থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসভা সন্ধ্যা সাতটার দিকে সমাপ্ত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, দলটি বিভিন্ন খাতে দখলদারি প্রতিষ্ঠা করেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

এ সময় বিএনপির বিরুদ্ধে প্রতীকী ‘কার্ড’ প্রদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং ‘সমন্বিত লাল কার্ড’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হবে।

দেশের ভবিষ্যতের জন্য সংস্কার অপরিহার্য উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন না হলে প্রবাসীরা আবারও রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে পারেন, শ্রমিকরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণরা রাজপথে আন্দোলনে নামতে পারেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম জেলা সদস্যসচিব মাসুম মিয়া। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলপ্রধান রাশেদুজ্জামান তাওহীদ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970