এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এনসিপির নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

এ সময় সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলোও মার্কিন প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন এনসিপির নেতারা। জবাবে মার্কিন রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধিদল চুক্তির বিভিন্ন দিক ব্যাখ্যা করে জানান, এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্ অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970