সংসদ সদস্য পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তার সংসদ সদস্যপদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের সদস্য নন। ফলে তিনি দলটির সংসদ সদস্য হিসেবেও বিবেচিত নন। এ কারণে তার সংসদ সদস্যপদ বাতিলের জন্য আইনে যেসব পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, দল সেগুলো গ্রহণ করবে।
জানা গেছে, সম্প্রতি গাজী নজরুলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে জামায়াত। তদন্তে তার বিরুদ্ধে ‘নৈতিক স্খলনের’ অভিযোগের সত্যতা পাওয়ার পর বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গাজী নজরুলকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দলকে জানাননি। একই সঙ্গে পদত্যাগ না করার বিষয়েও তিনি স্পষ্ট কোনো অবস্থান প্রকাশ করেননি।
জামায়াতের একজন সংসদ সদস্য জানিয়েছেন, সংসদীয় দলের কোনো সদস্যই গাজী নজরুলের পক্ষে অবস্থান নেননি। বরং সবাই তাকে দল থেকে বহিষ্কারের পক্ষে মত দেন। তাদের মতে, অন্যথায় জাতীয় সংসদের অধিবেশনে দলকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
তিনি আরও বলেন, গাজী নজরুল যদি পদত্যাগ না করে আইনি প্রক্রিয়ায় বিষয়টি মোকাবিলা করেন, তাহলে কিছু মাস কিংবা প্রায় এক বছর পর্যন্ত সংসদ সদস্য পদে বহাল থাকার সুযোগ থাকতে পারে। তবে সে ক্ষেত্রে তিনি জামায়াতের অন্য সংসদ সদস্যদের সঙ্গে সংসদে একসঙ্গে বসতে পারবেন না।