গোপালগঞ্জে আদালতে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে বিচারকের ছুড়ে মারা একটি কাচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার এজলাসে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বিচার কার্যক্রম চলাকালে আদালত কক্ষের পেছনের সারিতে বসা কয়েকজন বিচারপ্রার্থী এবং কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে অসন্তুষ্ট হয়ে বিচারক সুজন মিয়া হঠাৎ ক্ষিপ্ত হয়ে নিজের টেবিলে থাকা একটি কাচের পেপারওয়েট ছুড়ে মারেন।

ছুড়ে মারা পেপারওয়েটটি আদালতে উপস্থিত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় গিয়ে লাগে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার পর আদালত কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা এটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন বলে মন্তব্য করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি এম এ আলম সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক জুলকদর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জুলকদর রহমান বলেন, একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এম এ আলম সেলিম বলেন, এ ঘটনায় আইনজীবী সমাজ গভীরভাবে মর্মাহত। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970