প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
নারায়ণগঞ্জে নিউজিল্যান্ডপ্রবাসী এক পরিবারের বাসা থেকে চুরি হওয়া রেফ্রিজারেটর ও টেলিভিশন উদ্ধারসহ বাবুল গাজী (৪৯) নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (২২ জুলাই) দুপুরে গ্রেপ্তার বাবুল গাজীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে বন্দর রেললাইন ও হাফেজিবাগ এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাবুল গাজী বন্দর হাফেজিবাগ এলাকার মৃত হারুন গাজীর ছেলে।
মামলার বাদী ও গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রকৌশলী নাহিদ হোসেন জানান, তার বোন সাদিয়া আক্তার ও ভগ্নিপতি রাজিবুল আলম নিউজিল্যান্ডে বসবাস করেন। নারায়ণগঞ্জের হাজীপুর এলাকায় তাদের একটি চারতলা ভবন রয়েছে, যার দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। গত ১৯ জুলাই রাতে ভবনের একটি ফ্ল্যাটের তালা ভেঙে প্রায় পাঁচ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়।
এ ঘটনায় গত সোমবার সকালে ভবনের ভাড়াটিয়া রফিক ও লাবনী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাফেজিবাগ ও বন্দর রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভাঙারি ব্যবসায়ী ও শ্রমিকদল নেতা বাবুল গাজীর দোকান থেকে চুরি হওয়া একটি রেফ্রিজারেটর ও একটি টেলিভিশন উদ্ধার করা হয়।
বন্দর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরি হওয়া মালামাল বাবুল গাজীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, ২২ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রুবেল মিয়া বলেন, বিষয়টি দলের নজরে এসেছে। জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।