ব্রাহ্মণবাড়িয়ায় ফোনে স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তালাকের কথা শুনে অভিমানে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাওঘাট মহন মিয়ার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট পূর্বপাড়ার বাসিন্দা মিন্টু মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে একই এলাকার আমান উল্লাহর ছেলে সাচ্চু মিয়ার (২৭) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সাচ্চু মিয়া বর্তমানে সৌদি আরবে কর্মরত।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর মুখে তালাকের কথা শুনে ফারজানা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের টিনের রডে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মিন্টু মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী নানা বিষয়ে সন্দেহ করতেন। বিশেষ করে মোবাইল ফোন বন্ধ থাকলে তা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হতো। ঘটনার দিন ফোনে কথা বলার সময় তার মেয়েকে ‘দুই তালাক’ দেওয়ার কথা বলা হয়। এরপর অভিমানে ফারজানা আত্মহত্যার পথ বেছে নেন। তিনি দাবি করেন, স্বামীর সন্দেহপ্রবণ আচরণ এবং শ্বশুরবাড়ির লোকজনের অসদাচরণ তার মেয়েকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, স্বামীর সঙ্গে অভিমানকে কেন্দ্র করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আশুগঞ্জ থানাকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970