এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম
নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার আগে অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।