দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগান দেওয়া হয়েছিল। সেই বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করতে এবং দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে নিজেদেরই দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে গত পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, কোনো ধরনের চাপ বা ভয়ভীতির কাছে তিনি নতি স্বীকার করেননি। তিনি বলেন, গণমাধ্যমের প্রভাবশালী গোষ্ঠী, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সংসদে সরব ভূমিকা পালন করে যাচ্ছেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী ব্যাংক খাত, বিদ্যুৎ খাত এবং দেশের সম্পদ লুটপাট করেছে। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে বালু, নদী ও গবাদিপশু চুরির অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

জনগণের সম্পদ লুটের সংস্কৃতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970