যুদ্ধবিরতি চলাকালে ৬ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ইরান প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। আন্তর্জাতিক বাজারে এসব তেলের মূল্য আনুমানিক ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে পরমাণু অস্ত্রবিরোধী বেসরকারি সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান। সংস্থাটির তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের অন্তত ২০টি তেলবাহী ট্যাঙ্কার এশিয়ার বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হওয়ায় ইরান এই সময়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে সরবরাহের সুযোগ পায়।
এর আগে, ২২ জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস একটি সাধারণ লাইসেন্স জারি করে। ওই লাইসেন্সের আওতায় ইরানের তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।
তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী হয়নি। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ওই সাধারণ লাইসেন্স বাতিল করে পুনরায় ইরানের তেল খাতের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী শিথিলতার মেয়াদ ২১ আগস্ট পর্যন্ত থাকার কথা ছিল, নতুন নির্দেশনায় তেল খাতে সব ধরনের নতুন লেনদেন ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: তাস।