গাজীপুরে বিয়ে বাড়িতে অ্যালকোহল ভেবে মিথানল পান, ২ যুবকের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
গাজীপুরের একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল মনে করে বিষাক্ত মিথানল পান করার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) এবং একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. রনি (২০)।
জানা গেছে, সজিব গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় একটি বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অন্যদিকে রনি একই এলাকায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিকে পড়াশোনা করতেন।
স্থানীয়দের ভাষ্য, গত ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তারা অ্যালকোহল ভেবে মদ পান করেন। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে সজিব এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনির মৃত্যু হয়।
রনির নানী রেজিয়া খাতুন দাবি করেন, রনি তার সঙ্গে থেকে লেখাপড়া করতেন এবং তিনি ভিক্ষা করে নাতির পড়াশোনার খরচ চালাতেন। তার ভাষ্য, রনি কোনো ধরনের নেশায় জড়িত ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে বিষাক্ত কিছু পান করিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মতে, মিথানল বিষক্রিয়ায় দুই তরুণের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে দুই তরুণের মৃত্যুর বিষয়ে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলা মদ বা মিথানল পান করেছিলেন। যদিও ঘটনাটি গত ১৩ জুলাই ঘটেছিল, তবে তারা রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।