হান্নান মাসউদের কাছে পরাজিত সেই বিএনপি নেতা হলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদের কাছে পরাজিত হয়েছিলেন।

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২(ক)(১) অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ নিয়োগ দেয়। রোববার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাহবুবের রহমান শামীম পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন।

এদিকে, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়ার আশায় জেলার অন্তত নয়জন বিএনপি নেতা বিভিন্নভাবে তদবির করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে শেষ পর্যন্ত চট্টগ্রামের বাইরের একজন নেতাকে এ দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে চট্টগ্রাম জেলা পরিষদের সর্বশেষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা এটিএম পেয়ারুল ইসলাম। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একাধিক বিএনপি নেতা জানিয়েছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হলেও চট্টগ্রামের বাইরের কাউকে জেলা পরিষদের প্রশাসক করা হয়নি। এবারই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করার পর ধারণা করা হয়েছিল, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দক্ষিণ জেলা বিএনপির কোনো শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হবে। তবে মাহবুবের রহমান শামীমের নিয়োগে সেই ধারণা বাস্তবায়িত হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970