বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কেরালার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবল উন্মাদনায় ভারতের কেরালা রাজ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২০ জুলাই) ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেরালা সরকারের ঘোষিত এই ছুটি পেশাদার কলেজসহ রাজ্যের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এক সরকারি কর্মকর্তা বলেন, বিশ্বকাপ ফাইনালের সময়সূচি বিবেচনায় নিয়েই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান জানিয়েছেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও কর্মী গভীর রাত পর্যন্ত ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। তাই পরদিন তাদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নেওয়া সহজ করতে সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজ্যের বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন মহল থেকে ম্যাচের পরদিন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছিল। তাদের যুক্তি ছিল, মধ্যরাতের পর শেষ হওয়া ম্যাচ দেখে শিক্ষার্থীদের পরদিন সকালে ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হবে।
কেরালার সাবেক শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টিও একই মত প্রকাশ করে বলেছিলেন, রাত জেগে খেলা দেখার পর শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্লাসে অংশ নেওয়া বাস্তবসম্মত হবে না।
তবে নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও আগে থেকে নির্ধারিত সব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এতে শিক্ষাবর্ষের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
এদিকে, ছুটি সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি আদেশ শিগগিরই জারি করা হবে বলে আশা করা হচ্ছে। ফুটবলের প্রতি প্রবল আগ্রহের জন্য পরিচিত কেরালায় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো বরাবরই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া