যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত মিত্র ও প্রক্সি সংগঠনগুলোকে সম্ভাব্য বৃহৎ যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেহরান। এমন দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রভাবশালী দৈনিক নিদাআ আল ওয়াতান জানিয়েছে, তেহরানে সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে আয়োজিত একটি গোপন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ইরানের নেতৃত্বাধীন ‘অক্ষশক্তি’ বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স–এর শীর্ষ নেতারা মিত্রদের জানান, অপেক্ষার সময় শেষের পথে এবং সম্ভাব্য সব ধরনের সামরিক পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে।

সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ইরানে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর পাল্টা জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জর্ডান ও কাতারে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমান এবং রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে কুয়েত জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটির একটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব এখনো সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায়নি। তবে ইরানি কর্মকর্তারা হিজবুল্লাহকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়ে সতর্ক করেছেন, সামনে যে সংঘাত আসতে পারে তা আগের যেকোনো যুদ্ধের তুলনায় আরও ভয়াবহ ও বিস্তৃত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক মিত্রদের বিভিন্ন ক্ষয়ক্ষতির পরও হিজবুল্লাহকে এখনো ইরানের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য সামরিক মিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ২ মার্চ ইসরায়েলে হামলার মাধ্যমে হিজবুল্লাহ এই আঞ্চলিক সংঘাতে সক্রিয়ভাবে যুক্ত হয় এবং বৈরুত ও জেরুজালেমের বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগেরও বিরোধিতা করে আসছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়ে একটি বাফার জোন গড়ে তুলেছে। এছাড়া ২০২৪ সালের আগের সংঘাতে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের বড় অংশকে নির্মূল করার দাবি করেছে তেল আবিব। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও ভবিষ্যৎ সংঘাতে সক্রিয় ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970