দুপুরে চুরির অভিযোগে ১০০ রাকাত নফল নামাজ পড়ে মুক্তি, রাতেই মাদক গ্রেফতার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরির অভিযোগে আটক এক যুবককে ব্যতিক্রমীভাবে সংশোধনের সুযোগ দেন স্থানীয় বাসিন্দারা। মারধর বা কঠোর শাস্তির পরিবর্তে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা না যেতেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে একই যুবককে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোন ও ব্যাগ চুরির অভিযোগে মো. ফয়জুল করিমকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে শারীরিক শাস্তি না দিয়ে অনুতপ্ত হওয়ার সুযোগ হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয় এবং তওবা করিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই দিন রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ফয়জুল করিম জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় যুবক জহির বলেন, ফয়জুলকে শাস্তি না দিয়ে ভালো হওয়ার একটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই মাদক মামলায় তার গ্রেফতারের খবর শুনে তারা হতাশ হয়েছেন। তার ভাষ্য, একজন মানুষ নিজে পরিবর্তনের ইচ্ছা না করলে তাকে পরিবর্তন করা কঠিন।
আরেক স্থানীয় যুবক আহসান উল্লাহ রাকিব বলেন, অসহায় মনে করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই মাদকসহ গ্রেফতার হওয়ায় ঘটনাটি অত্যন্ত হতাশাজনক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, দুপুরে চুরির অভিযোগে স্থানীয়রা ফয়জুলকে আটক করে নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দেন। পরে রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।