চোরকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইল চুরির অভিযোগে আটক এক যুবককে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে এবং তওবা করিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম রেজাউল করিম (৩৫)। তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরে এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছিল। তবে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শুক্রবার দুপুরে একটি মোবাইল ফোন এবং প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির সময় রেজাউল করিমকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করতে বলা হয়। সেখানে উপস্থিতদের সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তির অংশ হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, দীর্ঘদিন ধরে চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। তাই হাতেনাতে আটক হওয়ার পর তাকে মারধর না করে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে যেন তিনি আর অপরাধের পথে না ফেরেন, সে উদ্দেশ্যেই তাকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।

এদিকে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, বিষয়টি তার জানা ছিল না এবং এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তিনি জানান, চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা উচিত ছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970