একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রীর ক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম
একজন শিক্ষক আমাকে পরীক্ষা মিলন নাম দিয়েছেন এমন মন্তব্য করে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও সমালোচনার জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি শিক্ষাব্যবস্থায় পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তি তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একজন শিক্ষক, যিনি নিজের নামের আগে ‘ডক্টর’ ব্যবহার করেন, তিনি তাকে ‘পরীক্ষা মিলন’ নামে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আপনি যে পিএইচডি করেছেন, সেটি কি কোনো পরীক্ষা ছাড়াই করেছেন?’
তিনি বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রকল্পভিত্তিক মূল্যায়নের প্রচলন থাকলেও পরীক্ষার গুরুত্ব কখনোই অস্বীকার করা যায় না। পরীক্ষা ছাড়া শিক্ষা সম্পন্ন করা বা সনদ প্রদান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, সমাজের অনেক শিক্ষিত ব্যক্তি দায়িত্বশীল আচরণ না করে বিভ্রান্তিকর মন্তব্য করছেন, যা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশে পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও কিছু ক্ষেত্রে সেই ডিগ্রির মান নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় একটি গল্পের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অর্থের বিনিময়ে পিএইচডি ডিগ্রি নেওয়া একজন ব্যক্তি পরে তার ঘোড়ার জন্যও একই ডিগ্রি চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানায়, তারা ঘোড়াকে নয়, গাধাকে পিএইচডি প্রদান করে। এই গল্পের মাধ্যমে তিনি কিছু ডিগ্রিধারীর যোগ্যতা ও মান নিয়ে পরোক্ষ সমালোচনা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সমাজে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ প্রজন্ম এসব বিভ্রান্তি মোকাবিলা করবে।
সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একটি বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যারা তাকে নিয়ে ট্রল করছেন, তাদের প্রকৃত শিক্ষার্থী বলেও তিনি মনে করেন না। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অযথা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শেষে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সমালোচনা কিংবা ট্রল যাই হোক না কেন, দায়িত্ব পালনে সরকার পিছিয়ে যাবে না।
আরও পড়ুন
হত্যার পর স্কুলছাত্রী মেয়ের মরদেহ রাস্তায় ফেলে যান বাবা, ১০ দিন পর গ্রেপ্তার
যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: পাটওয়ারী
দুপুরে চুরির অভিযোগে ১০০ রাকাত নফল নামাজ পড়ে মুক্তি, রাতেই মাদক গ্রেফতার