আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ ১০ সুবিধা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুমুখী সেবা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর আগে আগামী মাসেই পরীক্ষামূলকভাবে কার্ডটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কার্ড বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা সহজলভ্য করতেই এই কার্ড চালু করা হচ্ছে। ডুয়াল কারেন্সি সুবিধাসম্পন্ন এ কার্ডের মাধ্যমে দেশে ও বিদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন প্রবাসীরা।

প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে বিশেষ অভিবাসন সুবিধা, বিনামূল্যে লাউঞ্জ ও ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা, মৃত্যুর পর বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি নিবন্ধন ও সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্সভিত্তিক পুরস্কার, ঋণ সুবিধা এবং সহজ ব্যাংকিং সেবাসহ মোট ১০টি বিশেষ সুবিধা পাবেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরবর্তীতে এ কার্যক্রমের পূর্ণ দায়িত্ব নেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

সরকারের লক্ষ্য, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত প্রবাসী কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দেন।

সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970