বন্যাদুর্গতদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, সরকারের সব প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
দেশের বন্যাকবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ শেষে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সরকারি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। জরিপ সম্পন্ন হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবন ও উৎপাদন কার্যক্রমে ফিরতে পারেন।
তিনি বলেন, সরকারের কার্যক্রম শুধু ত্রাণ বিতরণে সীমাবদ্ধ থাকবে না। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রমও সমান গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে বন্যাদুর্গত মানুষের সহায়তায় কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।