প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় দায়িত্ব পালনকারী পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারস্টেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদার দেশগুলোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। জবাবে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের বহুমাত্রিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও সম্প্রসারণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।