আজ ঐতিহাসিক ‌‘জুলাই শহীদ দিবস’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম

ছবি: সংগৃহীত

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন গতি লাভ করে। একই দিনে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকজন প্রাণ হারান।

জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশজুড়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানিয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং গুলি চালায়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেটি আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিতি পায় এবং দেশজুড়ে আন্দোলনের প্রতি জনসমর্থন আরও জোরালো হয়ে ওঠে।

একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং একটি আসবাবপত্র প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ ফারুক নিহত হন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে প্রাণ হারান মোহাম্মদ শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন অন্তত ছয়জন নিহত হন।

ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয় এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও স্থগিত করা হয়।

১৬ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হয়। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। কয়েক সপ্তাহের মধ্যেই সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে।

জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জাতির প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গত বছর থেকে ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন হিসেবে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970