নাতনির লাশ নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নানিসহ ৩ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় নাতনির মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নানিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৬২), তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন (৩৫)। রাজ হোসেন পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়িয়ার বাসিন্দা ছিলেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে তার স্বজনরা রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে পাবনায় ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসছিল।

সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ও শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির নানা ছলিম প্রামানিক।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। পাশাপাশি এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের আবহ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970