বালু ব্যবসায়ীর কান কামড়ে দিয়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং কান কামড়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল এলাকায় বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেন (৪৮) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তির কানে চারটি সেলাই দেওয়া হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেনের অভিযোগ, বাংলাদেশ জুটমিলের ভেতরে টি কে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের জন্য শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাটের কাজ করছিলেন তিনি। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যান।

তার দাবি, পরে তাকে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে মহিউদ্দিনসহ কয়েকজন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে তার গলা চেপে ধরে এক কানে কামড় দেন মহিউদ্দিন। এতে তার কান গুরুতরভাবে আহত হয়।

সাখাওয়াতের ভাষ্য, হামলাকারীরা তাকে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। পরে ড্রেজার সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চিশতিয়া বলেন, তিনি বর্তমানে ড. আবদুল মঈন খানের একটি কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন। পরে ভিডিও বার্তার মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানান।

এদিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল-মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970