বিশ্বকাপে আর দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচের সেই রেফারিকে
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম
ফ্রান্স সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় চলমান বিশ্বকাপে আর মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না দেশটির দুই রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও ক্লেমো তুরপ্যাঁ। ফরাসি সংবাদমাধ্যম লে’কুইপ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্বার্থের সংঘাত এড়াতে কঠোর নীতি অনুসরণ করছে ফিফা। সেই নীতি অনুযায়ী, যে চারটি দেশ সেমিফাইনালে পৌঁছায়, তাদের কোনো রেফারি টুর্নামেন্টের বাকি ম্যাচে মাঠের দায়িত্ব পালন করতে পারেন না।
এ কারণে শুধু ফ্রান্সের রেফারিরাই নন, সেমিফাইনালে ওঠা আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।
তবে মাঠে দায়িত্ব পালনের সুযোগ শেষ হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে এখনো দায়িত্ব পেতে পারেন ফরাসি রেফারি জেরোম ব্রিজার্ড। বিশ্বকাপজুড়ে ভিএআর কর্মকর্তা হিসেবে তার পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় চাইলে তাকে বাকি ম্যাচগুলোতেও দায়িত্ব দিতে পারে ফিফা। এর আগে তিনি ইউএনএফপি ট্রফিতে ফরাসি লিগ ওয়ানের সেরা রেফারির স্বীকৃতিও পেয়েছিলেন।
উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। ওই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মিশরের কয়েকজন ফুটবলার ও দলের কোচ রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। যদিও ফিফা সেই অভিযোগ আমলে নেয়নি।