চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের পরিবর্তনের আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি তুলে ধরেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।
তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিকেল পর্যন্ত পোস্টটিতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া এবং আড়াই হাজারের মতো মন্তব্য জমা পড়ে।
এর আগে সোমবার (১৩ জুলাই) দেওয়া আরেকটি পোস্টে সংবিধান সংশোধনী কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এনসিপির এই নেতা। এছাড়া পৃথক এক পোস্টে বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় ইস্যুতে মতামত প্রকাশ করে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যা রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।