পরীক্ষা দুই দিন পেছালে কী হতো? সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষা শিক্ষার্থীদের দাবির মুখেও এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি কেন—এ প্রশ্ন তুলে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে সম্পূরক প্রশ্ন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের মতামত এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করেই নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে থাকা দুটি ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রুমিন ফারহানা বলেন, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার আগে শিক্ষার্থীরা পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। এমনকি এ দাবিতে ঢাকায় আন্দোলনও হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি পরীক্ষার ক্ষেত্রে তাদের দাবি বিবেচনায় নিয়ে অন্তত এক বা দুই দিনের জন্য পরীক্ষা স্থগিত করা যেত কি না, সে বিষয়ে তিনি মন্ত্রীর ব্যাখ্যা জানতে চান।

জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে প্রায় দুই হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে আগে থেকেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

তিনি বলেন, পরীক্ষার আগে সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগের বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করা হয়। তাদের মতামতের ভিত্তিতে বিকেল পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে পানি জমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের ভবনে পৌঁছে দেওয়া হয়। ভেজা কাপড়ের কারণে শিক্ষার্থীদের জন্য বিকল্প পোশাকের ব্যবস্থা করা হয় এবং এক ঘণ্টা বিলম্বে পরীক্ষা শুরু করে অতিরিক্ত সময়ও দেওয়া হয়। তিনি বলেন, প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনকে পরীক্ষা স্থগিত বা বিলম্বে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছিল।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল। বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নেওয়ায় এসব প্রশ্ন পূর্ববর্তী সরকারের সময় প্রস্তুত করা হয়েছিল। তবে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970