ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই মিলন শিক্ষামন্ত্রী: হাসনাত আব্দুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (তারিখ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, ‘যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই তরুণরাই আন্দোলনে নেমেছিল। তাদের আন্দোলনের কারণেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হয়েছেন, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।’

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি সরকার একের পর এক প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ আবারও আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে আর মাটি থাকবে না।

বক্তব্যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও তুলে ধরেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের বন্যাকবলিত অনেক এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি। বন্যাদুর্গত মানুষ যখন দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন সরকারের মন্ত্রীরা বিদেশ সফরে ব্যস্ত রয়েছেন বলেও দাবি করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও বন্যা মোকাবিলায় জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা সংকট মোকাবিলায় অপ্রতুল।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970