বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রুহুল কবির রিজভীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, বন্যাদুর্গত অঞ্চলের মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অতিরিক্ত ভোগান্তির সৃষ্টি হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, বন্যার কারণে যাতায়াতের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার কে নেবে?
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে শিক্ষাব্যবস্থার বড় কোনো ক্ষতি হবে না। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিজভী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি, গবাদিপশু এবং কৃষিজমির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীর পাশাপাশি আনোয়ারা ও সাতকানিয়া উপজেলাতেও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা বিতরণ করেন তিনি। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।