গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: বিরোধী দলীয় নেতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ দাবির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সুযোগ নেই।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে বিরত রাখতে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে জনগণের দেওয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সংস্কারের দাবি উঠেছিল, সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। রংপুরকে আন্দোলনের স্মৃতিবিজড়িত ভূমি উল্লেখ করে তিনি এখান থেকেই আবারও গণভোট বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দলকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার দাবি, সরকার নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ পূরণ করলেও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করেনি।

তিস্তা ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের আগে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ আন্দোলনের কথা বলা হলেও চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী ভারতের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কার্যকর অবস্থান নিচ্ছে না। একই সঙ্গে পুশইন প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকাও প্রশংসার দাবি রাখে বলে উল্লেখ করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। দুপুরের পর বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। ছাতা, পলিথিন কিংবা ভেজা কাপড় নিয়েই বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য দেন কর্নেল (অব.) ডা. অলী আহমদ বীর বিক্রম, মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, মজিবুর রহমান মঞ্জু, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970