‘ফেরার কথা বলে আ.লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা’
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, তা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
পোস্টে সোহেল তাজ বলেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, যার উদাহরণ শেখ হাসিনা ও তার পরিবার। তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম, হত্যা, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পাশাপাশি বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও তোলেন তিনি।
সোহেল তাজ আরও দাবি করেন, বিদেশে অবস্থান করে দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। তার ভাষায়, এটি আরেকটি ‘ভণ্ডামি’। তিনি বলেন, আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি ছাড়া অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
উল্লেখ্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে একই আসন থেকে পুনর্নির্বাচিত হন তিনি।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন সোহেল তাজ। তবে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।