গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক জুলাই মাস নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে আবারও ফিরে এসেছে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ মাসের তাৎপর্য নতুন প্রজন্ম এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি।

তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবেই গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া এ পদযাত্রায় দলটির শীর্ষ নেতারা একই সময়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সারজিস আলম বলেন, এনসিপির বিশ্বাস, জুলাই শুধু একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ গঠনের প্রতীক। তাই মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970