এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু উপলক্ষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেবে। তিনি সব পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, মঙ্গল ও কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ যেন শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দেন এবং তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়ে জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সার্বিক যত্ন নেওয়া এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। একই সঙ্গে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দেশবাসীর আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
জামায়াত আমির পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষার জন্য প্রয়োজনীয় ও অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যানজট ও সম্ভাব্য বৈরী আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেন তিনি।
এ ছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং এ বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতারও আহ্বান জানান ডা. শফিকুর রহমান।