আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে তিনি বিএনপির বিরুদ্ধে হামলা ও নির্যাতনের অভিযোগ তোলেন। একই সঙ্গে দাবি করেন, আওয়ামী লীগের সময় হামলার শিকার হলেও বিএনপির আমলে আরও বেশি মারধরের শিকার হয়েছেন।

রোববার (২৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক জহিরুর ইসলাম আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা।

শুনানিকালে আনোয়ার হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন সুমন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, তার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগে অংশ নেওয়ার কোনো প্রমাণ নেই। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে আনোয়ার হোসেন বলেন, তিনি জাতীয় নাগরিক কমিটির কোতোয়ালী থানার প্রধান সমন্বয়ক এবং সংগঠনের কোনো কর্মসূচিতে কখনও অনুপস্থিত ছিলেন না।

পরে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার অপরাধ আমি জুলাই যোদ্ধা। আওয়ামী লীগের আমলেও অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে হামলার শিকার হয়েছি। বিএনপির আমলে আরও বেশি মার খেয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে দাবি করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে আনোয়ার বলেন, “এটা আমার বাকস্বাধীনতা।” এছাড়া দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এসব অভিযোগ মিথ্যা।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর গভীর রাতে একদল হামলাকারী লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালায়। এ সময় ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি করা হয়। এ ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষতির অভিযোগ উল্লেখ করা হয়েছে।

ঘটনার চার দিন পর, ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

এর আগে, একই দিনে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গত ২২ জুন আনোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। বর্তমানে ডেইলি স্টার কার্যালয়ে হামলার মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970