হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে।

রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধ। তিনি দাবি করেন, ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সঙ্গে সমন্বয় করে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970