জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। বাংলাদেশের ১৮ কোটি মানুষই এ আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৮ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
এ সময় জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের এক বক্তব্যের জবাব দেন ডা. শফিকুর রহমান। মিল্লাত দাবি করেন, বিরোধীদলীয় নেতা আগে বলেছিলেন, ‘জুলাই আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান।’
এর ব্যাখ্যায় ডা. শফিকুর রহমান বলেন, তিনি ওই বক্তব্য দিয়েছিলেন ২০২৪ সালের এপ্রিল মাসে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, তাই সেই বক্তব্যকে বর্তমান প্রেক্ষাপটে দেখা উচিত।
তিনি বলেন, যাদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান সফল হয়েছে, তাদের প্রতি সবার সম্মান ও ভালোবাসা রয়েছে। সেই মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বানও জানান তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের সময় একজনকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন। সে সময় তিনিই প্রথম এর প্রতিবাদ করে বলেন, এ আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই।
তিনি বলেন, দেশের যুবসমাজকে এই আন্দোলনের কৃতিত্ব দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষই জুলাই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।