নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
নোটিশ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এবং আমজনতার দল।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। তিনি জানান, এ বিষয়ে পৃথকভাবে সংশ্লিষ্ট সাতটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দলগুলো সেই হিসাব দাখিল করেনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ পাঠানো এক চিঠিতে দলগুলোকে ১৩ মে’র মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়। এরপরও নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো হিসাব জমা দেওয়া হয়নি।
প্রচলিত আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে। এরপরও হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।
সর্বশেষ নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।