চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:১৫ পিএম
চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট একটি আকাশচুম্বী ভবনে ছোট আকারের একটি স্পোর্টস বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ভবনটি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের বহুল পরিচিত সিআইটিআইসি টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘চায়না জুন’ নামেও পরিচিত ১০৯ তলা ভবনটির ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে বিমানের লেজের একটি অংশ পড়ে থাকতে এবং একটি ট্যাক্সিক্যাবের জানালাও ভাঙা অবস্থায় দেখা যায়।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।