চার দিনের চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
চার দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী উড়োজাহাজে ঢাকার পথে যাত্রা করেন তিনি।
বিদায়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান চীনের রাষ্ট্রপতির বিশেষ দূত ইউ শিয়াওইয়ং। এর আগে তারা লালগালিচা অতিক্রম করে উড়োজাহাজে আরোহন করেন।
সফরকালে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া থেকে চীনের তালিয়ান শহরে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করেন। পরে দ্রুতগতির রেলপথে বেইজিংয়ে যান তিনি।
বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তিনি একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে, ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফরে অংশ নেন।