অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করেছে সরকার। ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা, এতে অংশগ্রহণ, সহায়তা কিংবা প্রচারণার মতো কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর ২০ ধারায় অনলাইন জুয়াকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী, অনলাইন জুয়ার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করা, জুয়ার কার্যক্রমে অংশ নেওয়া, সহায়তা বা উৎসাহ দেওয়া, বিজ্ঞাপনে অংশগ্রহণ করা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের প্রচার বা বিপণন করা দণ্ডনীয় অপরাধ।

তিনি জানান, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুত করে গত মে মাসে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে জমা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের ওপর নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে আরও গোয়েন্দা প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

এদিকে অনলাইন জুয়ার বিস্তার রোধে ২০২৫ সালের ২৮ মে বাংলাদেশ ব্যাংক দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করে। এতে গ্রাহক ও মার্চেন্টদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং জুয়ার সম্পৃক্ততা শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও সংসদকে জানান অর্থমন্ত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970