প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের বৈঠক শুক্রবার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং সফরের গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে বাংলাদেশের প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন লি কিয়াং।

মুখপাত্র আরও জানান, শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় একই স্থানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে তিনি মালয়েশিয়া সফর করেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশ নেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সফরের তৃতীয় ধাপে বুধবার বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, লালগালিচা সংবর্ধনা এবং বিশেষ প্রটোকলের মাধ্যমে স্বাগত জানানো হয়।

সফরকালে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চলমান অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের ফলে বাংলাদেশ শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগের জন্য আরও প্রতিযোগিতামূলক ও লাভজনক গন্তব্যে পরিণত হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি হ্রাস, নদীভাঙন প্রতিরোধ, সেচ এবং নৌ-নেভিগেশন উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় গবেষণা, প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে চীনা পক্ষ।

এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক সমৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারত্ব, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970