মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এলাকায় এলাকায় ‘মামলার ব্যবসা’ করছেন।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপি ‘শ্যোন অ্যারেস্টের কালচার’ চালু করেছে। একটি মামলায় জামিন নেওয়ার পরপরই আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এভাবে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা মামলাকে ব্যবসায় পরিণত করেছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন এবং সরকারকেও জানাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো কিছুই নজর এড়িয়ে যায় না এবং কোনো অপরাধই শাস্তি ছাড়া থাকে না। আজ যারা যা করছেন, ভবিষ্যতে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক অবস্থায় রয়েছে।
তিনি বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা এই দুই খাতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের পরিণতি সত্যিই দুঃখজনক হতে পারে।