অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৩ নারীসহ ইউপি চেয়ারম্যান আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীসহ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউনিয়ন পরিষদের সদস্য আহসান আলী এবং মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০)। এছাড়া তিন নারীও পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কচুয়াহাট এলাকায় চেয়ারম্যানের একটি বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে সেখানে তিন নারী আসার পর স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে উৎসুক জনতা বাড়িটির চারপাশে জড়ো হতে শুরু করে।
রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা তিন নারীসহ চেয়ারম্যানকে একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটকে রাখে। পরে জাতীয় জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, তিন নারী ও তিন পুরুষকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।