চাঁদার দাবিতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলার অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদার দাবিকে কেন্দ্র করে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শনিবার (২৭ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তারা সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ চাষের উদ্দেশ্যে নিজের পুকুর খনন করছিলেন শহিদুল ইসলাম। খনন করা মাটি তিনি সরকারি সড়ক নির্মাণকাজে সরবরাহ করছিলেন। এ সময় দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া, সিরাজুল ইসলামসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আব্দুল খালেকের নেতৃত্বে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লাঠির আঘাতে শহিদুল ইসলামের মাথা ফেটে যায়। এ সময় আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম দাবি করেন, পুকুর খননের মাটি নির্মাণাধীন সড়কে সরবরাহ করাকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970