পাগলা মসজিদে এবার ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫২ এএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। দীর্ঘ ছয় মাস পর শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। বর্তমানে দান করা অর্থ গণনার কাজ চলছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়।
দানবাক্স থেকে বের করা টাকাগুলো প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে সেখানে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। তখন তিন মাস ২৭ দিনের দান হিসেবে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা জমা হয়েছিল। পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপাও পাওয়া গিয়েছিল।
এবারও বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। তাই আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১০০ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত মানুষ এই মসজিদে টাকা ছাড়াও হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন ধরনের সামগ্রী দান করে থাকেন।