কুমিল্লায় পাশাপাশি কবরে শায়িত হলেন লক্ষ্মীপুরে নিহত মা ও তিন মেয়ে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিজ বাসায় নিহত মা ও তার তিন মেয়েকে নিজ গ্রাম কুমিল্লার হোমনায় পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ১০টার দিকে জানাজা শেষে পৌরসভার নটিয়া এলাকার স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে নিহত শাহিনুর বেগম এবং তার তিন মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিফার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শেষবারের মতো তাদের একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

দাফনের আগে আবেগঘন বক্তব্য দেন শাহিনুর বেগমের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সাত বছর আগে বাবাকে হারিয়েছি। মা আর বোনদের নিয়েই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। এখন আমাকে কে দেখবে? তার আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে রাত ১০টার পর মা ও তিন মেয়েকে পাশাপাশি কবরে দাফন করা হয়। স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করলেও এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এমন মর্মান্তিক ঘটনার পর বলার মতো কোনো ভাষা নেই।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড নদীপাড় এলাকায় আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার একটি বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহিনুর বেগমের প্রতিবেশী আফরোজা জানান, সকালে বাসা থেকে চিৎকার শুনে তিনি জানালা দিয়ে ভেতরে এক যুবককে দেখতে পান। পরিস্থিতি বুঝে তিনি দ্রুত বাসার প্রধান ফটক বাইরে থেকে বন্ধ করে দেন। এতে অভিযুক্ত অন্তর মজুমদার ভবনের ভেতরেই আটকা পড়েন।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে বাসার ভেতরে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় অন্তর মজুমদার ভবনের ছাদে উঠে পাশের ভবনে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেন। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। তিনি রায়পুর শহরে ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন। বর্তমানে তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারের কেউ মরদেহ নিতে আসেননি।

এদিকে শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970