যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:০৬ পিএম
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শুক্রবার (২৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে বাহিনীটি।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে ইরানের জবাব আরও কঠোর ও ব্যাপক হবে।
এর আগে শুক্রবার পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাও আরও জোরালো হয়েছে।