শেখ হাসিনাকে 'মা' সম্বোধন করা সেই এডিসি মাসুদ রানাকে সরাল ডিএমপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫৭ এএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টকে কেন্দ্র করে এডিসি মাসুদ রানাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলে সম্বোধন করতে দেখা যায়।
জাওয়াদ নির্ঝরের অভিযোগ, শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন এবং তার জন্য নোবেল পুরস্কার কামনা করার মতো আওয়ামী লীগ-ঘনিষ্ঠ অবস্থানের পরও মাসুদ রানা ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি আরও দাবি করেন, ওই দায়িত্বে থেকে পুলিশের অভ্যন্তরীণ ও গোপন তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা এবং গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে তার সম্পৃক্ততা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা ছিল। এসব বিতর্কের মধ্যেই এবার কমিশনারের দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।