সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১২ এএম
রক্ষণাবেক্ষণ, মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের কারণে আজ (শনিবার, ২৭ জুন) দেশের বিভিন্ন জেলার একাধিক এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও ৩ ঘণ্টা, কোথাও ৫ ঘণ্টা, আবার কোথাও সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নাটোর গ্রিডের বনপাড়া ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় থাকবে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা এবং নগর ইউনিয়ন।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ফরিদপুর গ্রিড, সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া বালিয়াগট্টি বাজারসংলগ্ন নির্মাণাধীন সেতুর কাজের জন্য সালথা উপজেলার সব এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খাগড়াছড়ির পানছড়ি বিভাগ জানিয়েছে, ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মেরামত, সংরক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহ এলাকার সব স্থানে বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলা বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঠাকুরছড়া গ্রিড থেকে খাগড়াছড়ি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ, গাছপালা ছাঁটাই এবং বিতরণ ট্রান্সফরমারের মেরামত কাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঠাকুরছড়া ও খাগড়াছড়ি (সদর) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা ছাঁটাইয়ের জন্য ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাইয়ের কাজের কারণে দোয়ারাবাজার সাবজোনাল অফিসের আওতাধীন এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সদর উপকেন্দ্রের রেড হট সমস্যা সমাধান এবং ৩৩ কেভি মিটারিংয়ের কাজের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে শাটডাউন নেওয়া হবে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে।