ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৪৩ এএম
ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পণ্যবাহী একটি জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ ওঠার পর পাল্টা এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার পণ্যবাহী জাহাজে চালানো হামলার ‘কঠোর জবাব’ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের ঘোষণার পরই ইরানের সিরিক বন্দরের কাছাকাছি এলাকায় মার্কিন হামলার খবর পাওয়া যায়।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড নৌ চলাচলের স্বাধীনতা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর হামলায় অন্তত চারটি ড্রোন ব্যবহার করেছে।
শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ড্রোনগুলোর একটি অত্যন্ত মূল্যবান একটি পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও সেটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, বাকি তিনটি ড্রোন যুক্তরাষ্ট্রের বাহিনী ভূপাতিত করেছে। তার ভাষায়, এটি যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও ‘বোকামিপূর্ণ’ লঙ্ঘনের ঘটনা।